উদ্ভাবনী চিন্তায় গতি আনতে পারেন তরুণরা :স্পিকার

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:০১

জলবায়ু পরিবর্তনের প্রভাব

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যৌথ প্রচেষ্টা চালাতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে নতুন ও উদ্ভাবনী চিন্তাভাবনায় তরুণরা গতিশীলতা এনে দিতে পারেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার দিবাগত রাতে ‘বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার’ আয়োজিত ‘গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিট-২০২১’ এর সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

এই সামিটের ফল স্বরূপ ছয়টি মহাদেশের ১৩ থেকে ২৪ বছর বয়সি ৫০০ তরুণ বিশ্বব্যাপী যুব প্রতিশ্রুতি চালুকরণের মাধ্যমে বিশ্ব জলবায়ু বিপর্যয় এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন জেনে স্পিকার আনন্দ প্রকাশ করেন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষ্যে বিভিন্ন মহাদেশের তরুণদের একত্রিত করে তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার দক্ষতা তৈরি এবং প্রয়োজনীয় জ্ঞান ও সরঞ্জাম সরবরাহের মাধ্যমে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় যোগ্য করে গড়ে তুলতে এই সামিটের আয়োজন করার জন্য তিনি বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের গভর্নিং বোর্ডের সদস্য ফারজানা কাশফির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সামিটের প্রধান উপদেষ্টা ডার্বি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার ক্রিস্টোফার বল। স্যার ক্রিস্টোফার বল ও তার স্ত্রীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্ভাবনী ধারণা প্রদানকারী ও ইভেন্ট বিজয়ী ১২ জন অগ্রসর তরুণ ব্যক্তিত্বকে স্কলারশিপ প্রদানে স্পিকার অভিনন্দন জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সভাপতি ইজাজ আহমেদ সমাপনি বক্তব্য শেষে সবাইকে ধন্যবাদ জানান।