এ বছর বিপিএল হচ্ছে না

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:২৮

স্পোর্টস রিপোর্টার

করোনার ধাক্কায় গত বছর মাত্র দুটি আন্তর্জাতিক সিরিজ খেলেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। করোনাকাল অব্যাহত থাকলেও চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ দলের। বছর জুড়েই একের পর এক সিরিজ, টুর্নামেন্ট খেলবে টাইগাররা। জাতীয় দলের ব্যস্ততার ভিড়ে চলতি বছরে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পারছে না বিসিবি। আগামী বছর জানুয়ারিতে মাঠে গড়াতে পারে এ টি-২০ লিগ।

গতকাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এ বছর বিপিএল আয়োজন প্রসঙ্গে বিসিবির এ পরিচালক বলেছেন, ‘দুইটা উইন্ডো খোলা আছে। একটা নভেম্বরে। ঐ সময়ে আবার পাকিস্তানে যাওয়ার কথা আছে। আবার ডিসেম্বরে নিউজিল্যান্ড আসার কথা। সেখানে বিপিএল পিছিয়ে জানুয়ারিতে হতে পারে।’

গত বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিপিএলের বিশেষ আসর আয়োজন করেছিল বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে টুর্নামেন্ট মাঠে গড়িয়েছিল। আগামী বছর বিপিএলে ফিরতে পারে ফ্র্যাঞ্চাইজিরা।

জাতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেট সূচিকে মাথায় রেখে ঘরোয়া ক্রিকেটের বর্ষপঞ্জি চূড়ান্ত করার চেষ্টা করছে বিসিবি। ইসমাইল হায়দার মল্লিক গতকাল বলেছেন, ‘আমরা ক্রিকেট ক্যালেন্ডার নিয়ে দুদিন মিটিং করেছি। আমাদের জাতীয় দলের যে ব্যস্ত সূচি। এর ফাঁকে ফাঁকে ঘরোয়া ক্রিকেটের সূচি সাজাতে হচ্ছে। এর মধ্যে আমাদের ঢাকা লিগ আছে। জাতীয় লিগ এবং বিসিএল ও বিপিএল আছে। এখন পর্যন্ত ক্যালেন্ডার ফাইনাল হয়নি। প্রাথমিক সিদ্ধান্ত মার্চে এনসিএল এবং মে মাসে ঢাকা লিগ শুরু করব।’

পাঁচ বছরের জন্য বর্ষপঞ্জি চূড়ান্ত করতে চেষ্টা করছে বিসিবি। ইসমাইল হায়দার মল্লিক বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটের কারণে ঘরোয়া বেশির ভাগ টুর্নামেন্টেই জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে না। তবে বিপিএলে তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করবে বিসিবি।

গতকাল তিনি বলেন, ‘আমরা পাঁচ বছরের জন্য ক্যালেন্ডার চূড়ান্ত করছি। সেখানে এসব কথা এসেছে। বাংলাদেশের ক্রিকেটের যে পরিমাণে ব্যস্ত সফর ও সিরিজ আছে ভবিষ্যতে অনেক সময়ই জাতীয় দলের খেলোয়াড়রা এনসিএল, বিসিএল বা ঢাকা লিগে অংশগ্রহণ করতে পারবে না। আমরা চেষ্টা করব বিপিএলে যেন জাতীয় দলের সব ক্রিকেটার থাকে। এটা মাথায় রেখে করা হচ্ছে।’