আঞ্চলিক চ্যাম্পিয়নরা খেলবে বাংলাদেশ গেমসে

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২২:২৯

জেএফএ কাপ ফুটবল

স্পোর্টস রিপোর্টার

করোনার প্রভাব কিছুটা কমে আসার সঙ্গে সঙ্গে নারী ফুটবল মাঠে গড়িয়েছিল। নারী ফুটবলের আরো কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বিশেষ করে নারী লিগ এই মার্চেই আবার মাঠে গড়াতে যাচ্ছে। তার আগে আগামীকাল হতে বিভিন্ন জেলায় জেএফএ (জাপান ফুটবল অ্যাসোসিয়েশন) কাপ (অনূর্ধ্ব-১৪) ফুটবল শুরু হতে যাচ্ছে। ৪২টি জেলা সাতটি অঞ্চলের ভেন্যুতে খেলবে। নকআউটের খেলা। একটা একটা ধাপ অতিক্রম করে ফাইনালে আঞ্চলিকস চ্যাম্পিয়ন হলে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে খেলার সুযোগ পাবে। সাত ভেন্যুর সঙ্গে যোগ হবে আনসার। আট দল খেলবে বাংলাদেশ গেমসে।

একদিকে যেমন বাংলাদেশ গেমস অন্য দিকে খেলোয়াড় বাছাইও করা হবে এখানে। আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ হবে। এটি শেষ হলে আঞ্চলিক চ্যাম্পিয়নদের নিয়ে জেএফএ কাপের ফাইনাল রাউন্ড হবে রাজশাহীতে , সেটি হবে জুনে, ঈদের পর জানিয়েছেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফজু আক্তার কিরণ। গতকাল বাফুফে ভবনে জেএফএ কাপ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন কিরণ, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, বাফুফের সদস্য আমের খান, টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান থমাস পলস্মলী, মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়ালটন গ্রুপকে পাওয়ারর্ডবাই ঘোষণা করা হয়েছে। আর টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক হচ্ছে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন।

যেসব স্টেডিয়ামে খেলা হবে :

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম, ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম, দিনাজপুর জেলা স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও পটুয়াখালী স্টেডিয়াম।