বেঙ্গল শিল্পালয়ে চারুকলা প্রদর্শনীর উদ্বোধন
ইত্তেফাক রিপোর্ট
করোনাকালের অভিঘাত পুরো বিশ্বকে নাড়া দিয়েছে। মানুষের সামনে এক ভিন্ন পৃথিবী এনে হাজির করেছে করোনা মহামারির দিনগুলো। নতুন স্বাভাবিক সময়ে চারপাশ কিছুটা স্বাভাবিক হলেও এখনো করোনার ভয়াবহতা কেটে যায়নি। শিল্পীদের চোখে সেই করোনাকালই উঠে এসেছে ভিন্ন দ্যোতনায়। বৃহত্ত্ব আর্ট ফাউন্ডেশন এবং বেঙ্গল আর্টস প্রোগ্রামের যৌথ আয়োজনে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে গতকাল শনিবার থেকে তিন মাসব্যাপী দলগত চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে। কোভিড মহামারির প্রকোপে স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি এবং অনিশ্চয়তা মানুষকে নিক্ষেপ করেছে এক গভীর অবসাদপূর্ণ সময়ে। এই অভিজ্ঞতা আমাদের নতুন করে জীবনকে মূল্যায়ন করতেও শেখায়। এমন পরিস্থিতি থেকে উত্তরণ এবং নব উদ্যমে প্রাণশক্তি ফিরে পেতে শিল্পী বিশ্বজিত্ গোস্বামীর পরিচালনায় দলগত প্রদর্শনীতে উঠে এসেছে এই নতুন শিল্পকর্মগুলো।
বৃহত্ত্ব হোম আর্ট প্রজেক্টের আওতায় একদল শিল্পীকে উত্সাহিত করা হয় নতুন অভিজ্ঞতার আলোকে প্রত্যয়ী সময়কে ধারণ করে নতুন শিল্পকর্ম সৃষ্টি করতে। শিল্পী ঢালী আল মামুন, শিল্পী মাহবুবুর রহমান ও শিল্পী বিশ্বজিত্ গোস্বামীর দীর্ঘ এক ‘মেন্টরিং’ প্রক্রিয়া ও পরিচর্যার মধ্য দিয়ে ১৪ জন উদীয়মান শিল্পীর অনুসন্ধানী দৃষ্টিভঙ্গির নানা মাধ্যম ও মাত্রার শিল্পকর্ম উপস্থাপন করেছে এ প্রদর্শনীতে। প্রদর্শনীর কিউরেটর ছিলেন বেঙ্গল আর্টস প্রোগ্রামের প্রধান কিউরেটর তানজীম ওয়াহাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি ছিলেন শিল্পী রফিকুন নবী এবং ক্রিস্টাল ইনসিওরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ ও প্রদর্শনীর পরিচালক শিল্পী বিশ্বজিত্ গোস্বামী। সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন—আব্দুল্লাহ্ আল বশির, আমিনুল ইসলাম আশিক, অসীম হালদার সাগর, দিনার সুলতানা পুতুল, জয়তু চাকমা, মো. আনিসুল হক, মো. ইমতিয়াজ ইসলাম, মুজাহিদ মুসা, নিয়াজ উদ্দিন আহম্মেদ, রাকিব আনোয়ার, শিমুল দত্ত, শিমুল সাহা, সোমা সুরভী জান্নাত ও সুমন ওয়াহিদ।
