রাজশাহীতে স্থানীয় সরকারমন্ত্রী
স্টাফ রিপোর্টার, রাজশাহী
বিএনপির নেতারা নিজেদের জনকল্যাণমুখী দল মনে করলে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশগ্রহণ করবে বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল শনিবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশন নির্মিত নগরীর নওগাঁ সড়কের আলিফলাম মিম ভাটার মোড় থেকে নাটোর সড়কের বিহাস পর্যন্ত ৬ দশমকি ৭৯৩ কিলোমিটার ফোরলেন সংযোগ সড়ক উদ্বোধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, রাজশাহীর অবকাঠামো উন্নয়নে ও জনকল্যাণে যত কাজ করা দরকার তার সবই করছেন রাসিক মেয়র। যেভাবে উন্নয়ন হচ্ছে আগামীতে রাজশাহী দেশের অনন্য নগরীতে পরিণত হবে। এসময় মন্ত্রী দেশের সব পৌরসভার মাস্টারপ্ল্যান তৈরি করে দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনার কথাও জানান।
উল্লেখ্য, সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা। সড়কের দু’পাশে ফুটপাথ, ১টি ব্রিজ, ৮টি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ২৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৩২ টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। রাজশাহীর প্রথম ফ্লাইওভার নগরবাসীর নজর কেড়েছে।
এরপর মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাসিকের আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) কার্যক্রম, ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি থেকে তালাইমারি পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীতকরণ, সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ এবং আইল্যান্ড নির্মাণ, এনাগ্রুপ নির্মিত ১৬ তলা বিশিষ্ট সিটি সেন্টার নির্মাণ, সোনাদীঘি সংস্কার ও সৌন্দর্যবর্ধন এবং রাসিক কর্তৃক মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ড্রেন ও ফুটপাত নির্মাণ পরিদর্শন করেন এলজিআরডি মন্ত্রী।
