সিরাজদিখানে ধর্ষণ চেষ্টা মামলার আসামি আসলাম হাওলাদার (ডিএম) জামিনে মুক্তি পেয়ে বাদী ও সহযোগীদের (প্রতিবাদকারী) প্রকাশ্যে মামলা প্রত্যাহার ও জীবননাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে মামলার বাদী ও সহযোগীরা সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গুয়াখোলা গ্রামে।
মামলার বাদী জানান, গত ৬ নভেম্বর তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করলে আসামি আসলামের বিরুদ্ধে তিনি সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আসামি জামিনে মুক্ত হয়ে বাদীর বাড়িতে গিয়ে মামলা প্রত্যাহার না করলে বাদী ও তার মেয়েকে প্রাণ নাশের হুমকি দেয়। তার পরিপ্রেক্ষিতে বাদী গত ৩ মার্চ সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া মামলায় সহযোগিতা না করার জন্য এলাকার লোকজনদের শাসায়। তাতেও তারা ভ্রুক্ষেপ করলে প্রাণনাশের হুমকিসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় আসামি। এতে সহযোগী এলাকাবাসীর পক্ষে গত ১০ মার্চ সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আসামি আসলাম হাওলাদার ঢাকার চকবাজার থানায় চাঞ্চল্যকর জামিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে সিরাজদিখান থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও লুটের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
