মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে ফের গুলি, ছয় বিক্ষোভকারী নিহত

আপডেট : ১৩ মার্চ ২০২১, ২৩:০৫

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। বিক্ষোভে গুলিবর্ষণ ও দমনপীড়ন চালানোর পরেও কিছুতেই নিবৃত করা যাচ্ছে না গণতন্ত্রকামী মানুষদের। গত ২৮ ফেব্রুয়ারি গুলিবর্ষণে ১৮ জন নিহত হয়েছিল। পুলিশের গুলিতে শুক্রবার রাতে ও শনিবার আরো ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার রাতভর সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সময় ইয়াংগনের থারকেতা জেলায় পুলিশের গুলিতে দুই জন নিহত হন। শনিবার আরো চার বিক্ষোভকারী পুলিশের গুলিতে প্রাণ হারান। গতকাল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্ নগরী মানডালায় বিক্ষোভকারীরা অবস্থান ধর্মঘট শুরু করলে পুলিশ তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোঁড়ে। এতে তিন জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন। মধ্যাঞ্চলের শহর পিআইতে এক জন নিহত হয়েছেন। গুলি করার পর নিরাপত্তা বাহিনী শুরুতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসতে বাধা দেয়। পরে অবশ্য অ্যাম্বুলেন্স আসতে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে মারাত্মক আহত এক জন মারা যান।

মিয়ানমারের ক্ষমতা দখল করা জান্তাবাহিনী এক দিকে বিক্ষোভ দমাতে বলপ্রয়োগ করে যাচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারীরাও যেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার প্রতিজ্ঞা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিক্ষোভকারীরা শনিবার আরো বড় বিক্ষোভ আয়োজনের ডাক দেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সু চির দল মিয়ানমারের নির্বাচিত এনএলডি সরকারকে উত্খাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। তারপর থেকে সেখানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে এখন পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।—বিবিসি ও রয়টার্স