‘সিনিয়র-জুনিয়র আমার কাছে ম্যাটার করে না’

আপডেট : ১৪ মার্চ ২০২১, ২০:২৪

বিনোদন প্রতিবেদক

 

দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক অনিমেষ আইচ দীর্ঘদিন ধরে নিজের নির্মাণ দক্ষতায় জনপ্রিয় নাটক উপহার দিচ্ছেন দর্শকদের। তার প্রায় নাটকই দর্শকদের মাঝে অন্যরকম কৌতুহল তৈরি করে। বলা চলে, আগ্রহের কেন্দ্রে থাকে তার নাটকগুলো। সেই ধারাবাহিকতায় ‘এখানে কেউ থাকে না’ শিরোনামের একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই নির্মাতা। বর্তমানে মধুপুরের জঙ্গলবাড়িতে নাটকটির শুটিং চলছে। নাটকটি প্রসঙ্গে নির্মাতা অনিমেষ আইচ বলেন, ‘এই নাটকটি বিটিভিতে প্রচার হবে। বর্তমানে আমরা নাটকটির শুটিংয়ে আছি। একটানা ১৯ দিন শুটিং করবো। আগামী মে মাসে প্রচার শুরু হবে নাটকটি। আমাদের চারপাশের একটি অতিলৌকিক গল্পে নাটকটি নির্মিত হচ্ছে। এটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য আমি নিজেই করেছি। আশা করছি আমার নির্মাণের প্রতি দর্শকদের যে আগ্রহ বা প্রত্যাশা থাকে সেটা পূরণ করতে পারবো। এই নাটকটিতে যারা ভালো অভিনয় করেন তারাই কাজ করছেন।’ বর্তমান সময়ের নাটকগুলোতে চরিত্র সংকটের পাশাপাশি সিনিয়র শিল্পীদের দেখা যায় না বললেই চলে। অনেকেই অভিযোগ করেন সিনিয়রদের অবমূল্যায়ন করা হয়। পরিচালকরা সবসময়ই বলে থাকেন বাজেট সংকট এই সমস্যার জন্য দায়ী। তবে এ বিষয়ে বরাবরই ভিন্ন উদাহরণ সৃষ্টি করেন অনিমেষ আইচ। এই নাটকটিতে তিনি দেশের সিনিয়র ও গুণী শিল্পীদের নিয়ে কাজ করছেন। অনিমেষ বলেন, ‘আমি বরাবরই গল্প ও চরিত্রের প্রয়োজনে যাকে নেওয়া দরকার তাকে নিয়ে কাজ করি। এক্ষেত্রে সিনিয়র-জুনিয়র আমার কাছে ম্যাটার করে না। আমি যে কাজটি করি সেই কাজে যাকে প্রয়োজন তাকে নিতে পারলে কাজ করি, না নিতে পারলে করি না। কারণ অভিনয় তো একটা মহত্ পেশা, এটা সবাই করতে পারে না। আমার এই নাটকটিতেও অরুণা বিশ্বাস, শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, ভাবনাসহ অনেকেই অভিনয় করছেন।’ এই নাটকটি শেষ করে নতুন আরো বেশকিছু নাটকের কাজ নিয়ে তার ব্যস্ততা চলবে বলে জানান এ নির্মাতা।