রুবেল
স্পোর্টস রিপোর্টার
এক দিন ছুটির পর কুইন্সটাউনে অনুশীলনে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জন ডেভিস ওভালে গতকাল পুরোদমে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের পর ভিন্ন ধর্মী আলাপে নিজেদের ভাবনা বিনিময় করেন দুই পেসার রুবেল হোসেন ও শরীফুল ইসলাম। অভিজ্ঞ রুবেলের কাছে শরীফুলের জিজ্ঞাসা ছিল নিউজিল্যান্ডের কন্ডিশনের বোলিং, জয়ের খরা কাটানো নিয়ে।
রুবেল দৃঢ়চিত্তে জানিয়েছেন, নিউজিল্যান্ডের মাটিতে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশ দলের। এবার জয়ের খাতা খুলতে মরিয়া টাইগাররা। পরে তরুণ শরীফুলকেও তার প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছেন রুবেল। অনুজকে শুভকামনা জানান ডানহাতি এ পেসার।
নিউজিল্যান্ড সফরে এসে ২৬ ম্যাচে জয় নেই বাংলাদেশ দলের। যার মধ্যে রয়েছে ১৩টি ওয়ানডে ও চারটি টি-২০। এবার টানা হারের সেই রেকর্ড ভেঙে জয়ের দেখা মিলবে কি না, বাঁহাতি পেসার শরীফুলের প্রশ্নে গতকাল রুবেল বলেছেন, ‘ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমরা যে টিম আছি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। ইনশাআল্লাহ আমরা যদি সবাই প্ল্যান অনুযায়ী, উইকেটের সঙ্গে আমরা যদি খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারি। টিমের তো অবশ্যই একটা প্ল্যান থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি তো নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’
এ কন্ডিশনে সফল হতে ভালো জায়গায় বোলিংয়ের বিকল্প দেখছেন না রুবেল। সুযোগ পেলে বল হাতে নিজের সেরাটা দিতে চেষ্টা করবেন অভিজ্ঞ এ পেসার।
নিউজিল্যান্ডে ভালো লাইন লেন্থে বোলিং করার গুরুত্ব বুঝতে পারছেন শরীফুল। নিউজিল্যান্ডের উইকেট নিয়ে রুবেলের প্রশ্নে এ তরুণ পেসার বলেছেন, ‘উইকেটটা অনেক ভালো মনে হচ্ছে। স্কোরিং উইকেট। শুধু লাইন অ্যান্ড লেন্থ ঠিক করে বল করতে হবে।’
