স্পোর্টস ডেস্ক
আবুধাবিতে দ্বিতীয় টেস্টে চতুর্থ দিন থেকেই জয় হাতছানি দিচ্ছিল আফগানিস্তানকে। ইনিংস ব্যবধানে জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এই টেস্ট ৬ উইকেটে জিতে নিয়েছে আফগানিস্তান। ৬ টেস্ট খেলা আফগানিস্তানের এটি তৃতীয় জয়। যদিও আফগানিস্তানের জয়ের অপেক্ষা বাড়িয়েছেন শন উইলিয়ামস এবং ডোনাল্ড টিরিপানো। চতুর্থ দিন ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলার পর এই দুজনে উইকেটে জমে গিয়েছিলেন। তাদের ব্যাটে ভর করেই সেই ৭ উইকেট নিয়েই ২৬৬ রান করে চতুর্থ দিন শেষ করেছিল জিম্বাবুয়ে।
পঞ্চম দিনে সেঞ্চুরির আশা জাগিয়েও তিরিপানো এলবিডব্লিউ হয়েছেন রশিদ খানের বলে ৯৫ রান করে। উইলিয়ামস দারুণ খেলে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৫১ রানের ইনিংস খেলেছেন।মূলত তাদের এই লড়াইয়ের কারণেই আফগানিস্তানের সামনে ১০৮ রানের লক্ষ্য ছুড়ে দিতে পারে জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে এই টেস্টে একাই ১১ উইকেট নিয়েছেন রশিদ খান।
