প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভাবমূর্তির কথা বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীসেবার মান বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ক্রয়কৃত ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা আমাদের দেশ। লাখো শহিদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের সকলেরই দায়িত্ব, সকলেরই কর্তব্য।’ তিনি বলেন, দেশটা যত উন্নত হবে অর্থনৈতিকভাবে আমরা যত স্বাবলম্বী হতে পারব বা আমরা আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারব, ততই দেশের লাভ হবে, দেশের মানুষের লাভ হবে এবং আমাদের দেশটাও আরো উন্নত হবে। সেদিকে সবাই লক্ষ্য রেখেই আপনাদের ওপর অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন। সেটাই আমি চাই। শেখ হাসিনা বলেন, এ পর্যন্ত জনগণের টাকায় ১৬টি নিজস্ব নতুন আধুনিক উড়োজাহাজ ক্রয় করা হয়েছে এবং সর্বমোট এখন আমাদের ২১টি জাহাজ আছে। সেগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে এবং যাত্রীসেবার মান যেন উন্নত হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের কাছে আমার আহ্বান থাকল। বিমান শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মন্তব্য করে তিনি বলেন, ‘সেজন্য সব সময় আমাদের প্রচেষ্টা ছিল যে এই বিমান যেন ভালোভাবে, সুন্দরভাবে আমরা গড়তে পারি।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে ‘প্রাচ্যের সুইজারল্যান্ড’ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থাত্ আমাদের যে ভৌগোলিক অবস্থানটা আছে এবং আমরা ইন্টারন্যাশনাল এয়াররুটের ভেতরে আছি। সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু প্রাচ্য ও পাশ্চাত্যের একটা সেতুবন্ধ রচনা করতে পারে।
এখন যারা বিমানে চলাচল করেন, তারা ইন্টারনেটসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা উপভোগ করতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থাত্ বিমানে উঠে বেকার বসে থাকতে হবে না। ব্যবসা-বাণিজ্যের কাজও চালাতে পারবে। সেই সুবিধাটাও আমরা দিয়েছি।’ আওয়ামী লীগ সরকার গঠনের আগে বিমান ‘দুর্দশাগ্রস্ত অবস্থায়’ ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর পর সরকারে এসে আমরা চেষ্টা করি বিমানবন্দর উন্নয়ন করার, বিমানবন্দরে কোনো বোর্ডিং ব্রিজ বা কোনো কিছু কিন্তু ছিল না। যতটুকু উন্নতি আমরাই তৈরি করে দিয়ে যাই।’
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে চুক্তির আওতায় যে তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ কেনা হয়েছে, তার মধ্যে শেষ দুটি রবিবার বিমানবহরে যুক্ত হলো। প্রধানমন্ত্রী উড়োজাহাজ দুটির নাম রেখেছেন ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’। নতুন দুটি উড়োজাহাজের মাধ্যমে অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করছে বিমান।
