করোনা বিধিনিষেধের বিরুদ্ধে জার্মানি জুড়ে বিক্ষোভ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ০০:২০

করোনা ভাইরাসকে কেন্দ্র করে জারি করা বিধিনিষেধের বিরুদ্ধে জার্মানি জুড়ে শনিবার বিক্ষোভ হয়েছে। পূর্বাঞ্চলের শহর ড্রেসডেনে ১২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীদের মধ্যে ডানপন্থি ক্যোয়ারডেনকেন এর সদস্যরাও ছিলেন যারা করোনা আছে এমনটাই অস্বীকার করেন। সেই সঙ্গে টিকাবিরোধী হিসেবেও পরিচিত তারা। ড্রেসডেন শহরে প্রায় ১ হাজার মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন। তাদের র্যালিতে অস্ত্র নিয়ন্ত্রণ ও পুলিশ কর্মকর্তাদের প্রতি সহিংস আচরণের মতো ৪৭টি আইন ভঙ্গের ঘটনা ঘটেছে। রাজধানী বার্লিনেও হাজার খানেক মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন। দক্ষিণের শহর স্টুটগার্টে ৭৫০ জনের বেশি প্রতিবাদে অংশ নেন। তাদের অনেকেরই মুখে ছিল না মাস্ক, মানেননি সামাজিক দূরত্ব। এ সময় তারা স্লোগান দেন, ‘যথেষ্ট হয়েছে’। —ডয়চেভেলে