সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে চাঞ্চল্যকর রোহান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রাকিবুল ইসলাম রকিকে (২৪) ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় আহত হয়েছেন সাভার মডেল থানার এসআই ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তাহমুদুল ইসলাম (৩৮)। গত শনিবার গভীর রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে ছিনিয়ে নেওয়া ঐ আসামির তিন সহযোগীকে। আটককৃতরা হলো—জাওয়াদ (২৪), অনিক (২৫) ও স্বাধীন (২৪)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, চাঞ্চল্যকর রোহান হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি রাকিবুল ইসলাম রকি। শনিবার রাতে ব্যাংক কলোনি এলাকার আয়েশা লাইব্রেরির পাশে সে সদলবলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সাভার থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী রকিকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা ১৪-১৫ জন সহযোগী অতর্কিত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি রকিকে ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় আহত হন এসআই তাহমুদুল ইসলাম। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার এবং অভিযান চালিয়ে রকির তিন সহযোগীকে আটক করে।
এসআই তাহমুদুল ইসলাম জানান, চাঞ্চল্যকর রোহান হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত এজাহারনামীয় তিন জনসহ সন্দেহভাজন সাত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আসামি রকিকে আটকের চেষ্টা চলছে।
সাভার মডেল থানার এসআই আলমগীর হোসেন জানান, পুলিশের কর্তব্যকাজে বাধা এবং সরকারি কর্মচারীকে আঘাত ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
