গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় নলডাঙ্গা ইউনিয়নের প্রতাপ ঘোড়ামারা গ্রামে সম্প্রতি কন্যাসন্তান জন্ম দেওয়ায় এক গৃহবধূকে নবজাতকসহ স্বামীর বাড়ি থেকে বিতাড়িত করার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
গতকাল রবিবার পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, একুশ শতকে নারীরা দেশের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। এ সময়ও কন্যাসন্তান জন্ম দেওয়ায় নারীকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। এ ধরনের ঘটনা নারীর প্রতি পারিবারিক সহিংসতা ও নিরাপত্তাহীনতার চূড়ান্ত রূপ যা মধ্যযুগীয় বর্বরতাকে মনে করিয়ে দেয়। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় তীব্র নিন্দা, গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। পরিষদ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থাগ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। নির্যাতনের শিকার গৃহবধূ ও নবজাতক শিশুর নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি করছে। সেই সঙ্গে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, ২০১০ বাস্তবায়নে সংশ্লিষ্ট নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে।
