স্পোর্টস রিপোর্টার
ব্যাট হাতে করেছিলেন ২৩৯ রান, বল হাতে উইকেট নিয়েছিলেন ১৪টি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল আসরে এমনই ছিল সাকিব আল হাসানের পারফরম্যান্স। সানরাইজার্স হায়দরাবাদ হয়েছিল রানার্সআপ। ফলে, এবারো সাকিবের ওপর ভরসা রাখলো দলটি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের আগামী আসরেও হায়দরাবাদই হচ্ছে সাকিবের ঠিকানা।
হায়দরাবাদের ধরে রাখা ক্রিকেটারদের মধ্যে অন্যতম আরেকজন হলেন দলটির সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং বিতর্কে নিষিদ্ধ এই অস্ট্রেলিয়ান ওপেনার গত মৌসুমে খেলারই সুযোগ পাননি।
আইপিএলে নিজের প্রথম সাত মৌসুমই সাকিব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে, খেলেছিলেন ছয় মৌসুম। গত মৌসুমের আগে তাকে ২ কোটি রূপিতে দলে নেয় হায়দরাবাদ। সাকিব-ওয়ার্নারের সঙ্গে এই মৌসুমে হায়দরাবাদ আরো রেখে দিয়েছে বিলি স্টেনলেক, গেল আসরের অধিনায়ক কেন উইলিয়ামসন, রশিদ খান ও মোহাম্মদ নবীকে। দেশীয় খেলোয়াড়দের মধ্যে আছেন বাসিল থাম্পি, ভূবনেশ্বর কুমার, দীপক হুদা, মানিশ পান্ডে, টি নটরাজন, রিকি ভুই, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কওল, শ্রীভাটস গোস্বামী, খলিল আহমেদ ও ইউসুফ পাঠান।
দলটি ছেড়ে দিয়েছে শচিন বেবি, তন্ময় আগরওয়াল, ঋদ্ধিমান সাহা, বিপুল শর্মা ও মেহেদি হাসানকে। বিদেশিদের মধ্যে বাদ পড়া ক্রিকেটার হলেন কার্লোস ব্রেথওয়েট, ক্রিস জর্ডান ও অ্যালেক্স হেলস। হায়দরাবাদ শিখর ধাওয়ানকে দিল্লী ডেয়ারডেভিলসকে দিয়ে দিয়েছে। এর বিনিময়ে পেয়েছে অভিষেক শর্মা, বিজয় শঙ্কর ও শাহবাজ নাদিমকে।
এদিকে গেল অক্টোবরেই মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে, এই আসরে তারা রাখবে না মুস্তাফিজুর রহমানকে। এবার সেটা চূড়ান্ত হলো। দলটি মুস্তাফিজের সঙ্গে আরো ছেড়ে দিয়েছে সৌরভ তিওয়ারি, প্রদীপ সাঙওয়ান, মহসিন খান, এমডি নিধিশ, শরদ লাম্বা, তাজিন্দর সিং ঢিলন, জেপি ডুমিনি, প্যাট কামিন্স ও আকিলা দনাঞ্জয়াকে।
আইপিএলের গেল আসরে, দুই কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে সব মিলিয়ে সাত ম্যাচে তিনি মোট ২৭.৩ ওভার বল করেন। ওভারপ্রতি ৮.৩৬ গড়ে ২৩০ রানের বিনিময়ে নেন সাতটি উইকেট।
আইপিএলের ১২ তম আসরকে সামনে রেখে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। খেলোয়াড় বেচা-কিনির জন্য তিন কোটি রুপি পর্যন্ত ব্যবহারের সুযোগ পেয়েছে দলগুলো। উদ্বৃত্ত অর্থ ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যবহার করতে পারবে মূল নিলামে। ২০১৯ সালের আইপিএল শুরু হবে আগামী ২৯ মার্চ, শেষ হবে ১৯ মে।
