ক্রীড়া উপস্থাপিকা সঞ্জনা গণেশনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার যশপ্রীত বুমরা। সোমবার ( ১৫ মার্চ) সকালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
গোয়ার এক বিলাসবহুল হোটেলে বিয়ের সব বন্দোবস্ত করা হয়। অনুষ্ঠানে দুই পরিবারের হাতেগোনা কয়েকজন লোক উপস্থিত ছিলেন। তবে এই বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।
বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে তা সত্যি হলো। নানা গুঞ্জন উড়িয়ে বিয়ে করলেন ভারতীয় পেসার যশপ্রিত বুমরা। অনেকটা গোপনীয়তা রক্ষা করেই বিয়ে করলেন তিনি।
“Love, if it finds you worthy, directs your course.”
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) March 15, 2021
Steered by love, we have begun a new journey together. Today is one of the happiest days of our lives and we feel blessed to be able to share the news of our wedding and our joy with you.
Jasprit & Sanjana pic.twitter.com/EQuRUNa0Xc
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ চলাকালে বোর্ড থেকে ছুটি নিয়েছিলেন বুমরা। একান্ত ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডের কাছ থেকে ছুটি নেন তিনি।
এদিকে, বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে বুমরাহ লিখেছেন, ‘আমরা নতুন পথে যাত্রা শুরু করেছি। জীবনের সবচেয়ে সুখের দিন। আমাদের বিয়ের খবর ও আমাদের উচ্ছ্বাসের কথা শেয়ার করতে পেরে আমরা অভিভূত।’
বুমরার স্ত্রী সঞ্জনা একজন উপস্থাপক। বিভিন্ন টুর্নামেন্টে ক্রিকেট উপস্থাপক হিসেবে অংশ নিয়েছেন তিনি। আইপিএলেও তিনি বেশ সক্রিয়। সঞ্জনা স্টার স্পোর্টসের সঙ্গে যুক্ত। আইসিসি বিশ্বকাপ ২০১৯ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পর্যন্ত বিভিন্ন ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন তিনি।
ইত্তেফাক/এসআই
