ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে নিজের রেকর্ড হাতছাড়া হওয়ায় এতটুকু আক্ষেপ নেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। বরং উচ্ছ্বাস প্রকাশ করে পর্তুগিজ তারকাকে অভিনন্দন জানিয়েছেন।
সিরি আ ম্যাচে রবিবার রাতে জুভেন্তাসের হয়ে কাইয়ারির বিপক্ষে হ্যাটট্রিকের পথে পেলের গোলের রেকর্ড ছাড়িয়ে যান রোনালদো। অফিসিয়াল ম্যাচে পেলের গোলসংখ্যা ৭৬৭। রোনালদো রবিবারের ম্যাচ শুরু করেন পেলেন সমান গোল নিয়েই। হ্যাটট্রিকের পর তার গোলসংখ্যা ৭৭০।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় কিংবদন্তি পেলে লিখেছেন, ‘জীবন একটি একক লড়াই। সবাই তাদের নিজস্ব যাত্রায় থাকে। এবং কত সুন্দর একটি যাত্রাতেই না রয়েছো তুমি! আমি তোমার গুণমুগ্ধ। এ কথা কারোরই অজানা যে, তোমার খেলা দেখতে ভালো লাগে আমার। অফিসিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন।’
তিনি আরো লিখেছেন, ‘অফিসিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙায় অভিনন্দন। আমার একমাত্র আক্ষেপ, আজকে তোমাকে জড়িয়ে ধরতে না পারায়। তবে তোমার সম্মানে, আমাদের বহু বছরের বন্ধুত্বের প্রতীক হিসেবে দারুণ মমত্ব নিয়ে এই ছবিটি আমি দিচ্ছি।’
ইত্তেফাক/এসআই
