চলছে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতার শেষ মুহূর্তের প্রশিক্ষণ। সম্প্রতি হসপিটালিটি পার্টনার রেডিসন ব্লু ঢাকা হোটেলে সম্পন্ন হলো সেরা দশের সঙ্গে এক সাক্ষাত্ ও অভিবাদন পর্ব। এতে বিভিন্ন সংবাদ মাধমের সাংবাদিক, স্পন্সর এবং আয়োজকরা উপস্থিত ছিলেন। সেরা দশের সঙ্গে পরিচয় পর্ব ও আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় উঠে আসে। নতুন অভিজ্ঞতা, গ্র্যান্ড ফিনালে নিয়ে আশা, ভবিষ্যত্ পরিকল্পনা, পরিবার, পড়ালেখা সবকিছু নিয়েই তারা কথা বলেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে তাদের পথচলার গল্প বড় স্ক্রিনে একসঙ্গে বসে উপভোগ করেন সবাই।
আয়োজকরা জানান, তারা কতটা আশাবাদী এই পুরো বিউটি পেজেন্ট নিয়ে। এ পর্যন্ত সুন্দরভাবে সকল কার্যক্রমই সম্পন্ন হয়েছে; এখন শুধু গ্র্যান্ডফিনালের প্রস্তুতি। সুন্দরীদের অনেক ধরনের অনুশীলনের মধ্য দিয়ে নেওয়া হচ্ছে। দিনব্যাপী প্রতিযোগীরা ব্যস্ত থাকলেও তাদের আগ্রহ, প্রয়াস ও উত্ফুল্লতাই তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।
মিস ইউনিভার্স বাংলাদেশের প্রেসিডেন্ট রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরবেন এই প্রতিযোগীরা। মিস ইউনিভার্স বাংলাদেশের এই আয়োজন নারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে এবং নারী নির্যাতনের বিরুদ্ধে নারীদের সোচ্চার হতে সাহায্য করবে বলে আমরা আশাবাদী। মিস ইউনিভার্সের সঙ্গে এবার যুক্ত হলো (পাওয়ার্ড বাই পার্টনার) গোদরেজ বাংলাদেশ।’
গোদরেজ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আনন্দ সিং আয়োজনে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এই প্রতিযোগিতার সফলতা নিয়ে আমরা বেশ আশাবাদী। শেষ মুহূর্তে একটি আন্তর্জাতিক বিউটি প্রেজেন্টের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই উত্ফুল্ল।’
গ্রুমার, আয়োজক ও স্পন্সরদের মতে, এবার প্রতিযোগীতায় অংশগ্রহণকারী সবাই বেশ মেধাবী, জ্ঞানসম্পন্ন এবং একে অন্য থেকে অনন্য। নির্বাচিত সেরা ১০ প্রতিযোগী হলেন— অনকিতা দে, আপনা চাকমা, ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন, ফাতেমা তুজ জহুরা, মারিয়াম আহমেদ, মাসুদা খান, নিদ্রা দে, তানজিয়া জামান মিথিলা এবং তৌহিদা তাসনিম তিফা। প্রতিযোগিতার এবারের মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’।
