স্টাফ রিপোর্টার,বগুড়া
বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে ৩৭ কেজি ওজনের ৩৫টি কাছিম উদ্ধার করা হয়েছে। এ সময় দুই জনকে আটক করা হয়। সোমবার সকালে পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্ট রিসার্চ (তীর)-এর সহযোগিতায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিকসহ বন অধিদপ্তরের কর্মকর্তারা কাছিমগুলো উদ্ধার করেন। জানা যায়, টিম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্ট রিসার্চের (তীর) সাংগঠনিক সম্পাদক মো. হোসেন রহমান তিনমাথা রেলগেট এলাকায় এসব কাছিম বিক্রির সময় দেখতে পায়। কৌশলে ছবি তুলে তীর এর সাবেক সভাপতি মো. আরাফাত রহমানকে দেখালে এগুলো দেশীয় প্রজাতি নিশ্চিত হয়ে বন অধিদপ্তরে জানানো হয়। বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিকসহ তীর এর সদস্যরা গাড়িতে তোলার সময় তাদের হাতেনাতে আটক করেন। এ বিষয়ে মো. আরাফাত রহমান জানান, উদ্ধারকৃত কাছিমগুলো দেশীয় সুন্ধী প্রজাতির। আটককৃত রফিকুল ইসলাম ও গোবিন্দ চন্দ্র রায় জানান, তারা বিক্রির জন্য নোয়াখালী, ভৈরব ও মুন্সীগঞ্জ হতে সংগ্রহ করে এনেছে। বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হয়। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী কাছিম ধরা, শিকার, ক্রয় বিক্রয়, খাওয়া দণ্ডনীয় অপরাধ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
