জামালপুর প্রতিনিধি
জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাস চালু রাখায় একটি বেসরকারি স্কুলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে শহরের কলেজ রোডে এলাকায় সৃষ্টি সেন্ট্রাল স্কুলকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমীন। তিনি জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারি এই নির্দেশনা অমান্য করে জামালপুর শহরে গোপনে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে, এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। স্কুল খোলা রেখে ক্লাস করানোর দায়ে সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
