যৌন হয়রানির প্রতিবাদে অস্ট্রেলিয়া জুড়ে বিক্ষোভ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩৭

বিবিসি

যৌন হয়রানির প্রতিবাদ ও নারীর সমতা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া জুড়ে ১ লাখেরও বেশি মানুষ বিক্ষোভ করেছেন। সোমবারের ঐ কর্মসূচির অংশ হিসেবে ক্যানবেরা, সিডনি, মেলবোর্নের মতো প্রধান শহরগুলোসহ প্রায় ৪০টি শহরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টকে কেন্দ্র করে সম্প্রতি একাধিক যৌন নির্যাতনের ঘটনা সামনে এসেছে। সেই প্রেক্ষাপটেই দেশটির নারীরা ‘বিচারের জন্য পদযাত্রা’ নামে এসব কর্মসূচির আয়োজন করেছেন।

গত মাসের শেষদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পাঠানো একটি চিঠিতে জানানো হয়, অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টার ১৯৮৮ সালে ১৬ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণ করেছিলেন। গত সপ্তাহে তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে। তবে পর্টার এই অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে সাবেক রাজনৈতিক পরামর্শক ব্রিটানি হিগিন্স ফেব্রুয়ারিতে অভিযোগ আনেন, ২০১৯ সালে এক মন্ত্রীর কার্যালয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনাগুলো দেশটির সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। হিগিন্স বলেন, ‘অস্ট্রেলিয়ায় নারীদের যৌন নির্যাতনের ব্যাপারে একটি ভয়াবহ সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমার ঘটনাটি সামনের পাতায় এসেছে এই কারণে যে, এটি নারীদের মনে করিয়ে দিয়েছে এমন ঘটনা সংসদেও ঘটতে পারে এবং সত্যিকার অর্থে যে কোনো জায়গায় ঘটতে পারে।’

প্রতিবাদ কর্মসূচির আয়োজকরা বলেছেন, এই পদযাত্রা ‘অস্ট্রেলিয়ায় সংঘটিত এ যাবত্কালে নারীদের সবচেয়ে বড় বিদ্রোহ’। অনেক বিক্ষোভকারী হাতে প্ল্যাকার্ড নিয়ে ও কালো জামা পরে পদযাত্রায় অংশ নিয়েছেন। মেলবোর্নে বিক্ষোভকারীরা একটি দীর্ঘ ব্যানার ব্যবহার করেন, যেখানে গত কয়েক দশকে নির্যাতনে নিহত নারীদের নামের তালিকা লেখা হয়েছে। এদিকে ক্যানবেরার আয়োজকরা একটি পিটিশন দায়েরের পরিকল্পনা করেছেন। পার্লামেন্টে যৌনতাবাদী আচরণের জবাবদিহি চেয়ে ৯০ হাজারেরও বেশি নারী এ পিটিশনে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের বাইরেও বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।