নেদারল্যান্ড ও আয়ারল্যান্ডেও অ্যাস্ট্রাজেনেকার টিকা স্থগিত

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩৮

বিবিসি ও রয়টার্স

সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ থেকে ইউরোপের কয়েকটি দেশের মতো নেদারল্যান্ড ও আয়ারল্যান্ড অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাস টিকার প্রয়োগ স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। নরওয়েতে টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কারো কারো রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এমন খবরের পরিপ্রেক্ষিতে দেশগুলো এই টিকার প্রয়োগ বন্ধ রেখেছে।

এক বিবৃতিতে নেদারল্যান্ড সরকার বলেছে, ডেনমার্ক ও নরওয়ে থেকে যেসব খবর পাওয়া গেছে, তাতে টিকার সম্ভাব্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে সতর্কতার অংশ হিসেবেই তারা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ডাচ সরকার বলেছে, তাদের এ স্থগিতাদেশ অন্তত ২৯ মার্চ পর্যন্ত থাকবে। সতর্কতার অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। নেদারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী হুখো ডিয়োরা বলেছেন, ‘টিকা সংক্রান্ত কোনো সন্দেহ থাকুক, তা চাই না আমরা। সবকিছু ঠিক আছে, এমনটা নিশ্চিত হতে হবে আমাদের। তাই বুদ্ধিমানের কাজ হচ্ছে আপাতত বিরতি দেওয়া।’ রবিবারের এ সিদ্ধান্তের কারণে নেদারল্যান্ডসে টিকাদান কর্মসূচি বিলম্বিত হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা নিতে অগ্রিম ক্রয়াদেশ দিয়েছিল; আগামী দুই সপ্তাহের মধ্যে ৩ লাখ ডোজ টিকা প্রয়োগের পরিকল্পনাও ছিল তাদের।

নরওয়েতে টিকা নেওয়া প্রাপ্তবয়স্ক কারো কারো রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এমন খবরে নেদারল্যান্ডসের আগে আয়ারল্যান্ডও অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে একই রকম সিদ্ধান্ত নেয়। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) বলেছে, ভ্যাকসিনটি যে উপকার করে তা এর ‘ঝুঁকিকে ছাড়িয়ে যায়’। অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধে কি না, ইএমএ এখন তা পর্যালোচনা করে দেখছে। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকার এ টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত আরো তথ্য না পাওয়া পর্যন্ত ভ্যাকসিনের প্রয়োগ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার সুপারিশ করেছে দেশটির কর্তৃপক্ষ।