ঢাকা শহরের দু-চারটে এলাকা ছাড়া অধিকাংশ স্থানেই সমগ্র ফুটপাত জুড়ে ব্যবসা করছে কিছু ক্ষুদ্র অসচেতন বা অসাধু ব্যবসায়ী। যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে নারীদের চলাচলের সময় জায়গা স্বল্পতার কারণে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় ফুটপাতে অরাজকতার কারণে। কিন্তু তা নিয়ে কোনো তোয়াক্কাই নাই ফুটপাত ব্যবসায়ীদের। তাদের জন্য বিভিন্ন স্থানে স্বল্প খরচে ব্যবসা করার জন্য নির্ধারিত জায়গা বরাদ্দ থাকলেও তারা এই ফুটপাত ছাড়তেই চাইছে না! ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রদ্বয় বিভিন্ন ধাপে ফুটপাতের দোকানপাট উচ্ছেদের পদক্ষেপ নিলেও, ব্যবসায়ীরা দু-চার দিন ব্যবসা বন্ধ রেখে আবারো নেমে পড়ে তাদের ব্যবসায়। যার ফলে আসেনি কোনো স্থায়ী সমাধান। ফুটপাতের এই অরাজকতার সঙ্গে আরো বেশ কয়েকটি বিষয় সম্পর্কিত। সমগ্র ফুটপাত জুড়ে পসরা সাজিয়ে বসার ফলে পথচারীদের হাঁটার জন্য নেমে আসতে হয় সড়কে। যার ফলে সংকুচিত হয় সড়কের লেন এবং সৃষ্টি হয় যানজটের। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। তাই খুব শীঘ্রই এই অবস্থার একটি স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।
সিকদার মোহাম্মদ পলাশ
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,
ঢাকা কলেজ
