ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পদ্ধতিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট বহাল, গুচ্ছ সিলেকশন বাতিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পূর্বের জিপিএ বহালের দাবিতে বিক্ষোভ করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার (১৫ মার্চ) বেলা ১২টায় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি নিয়ে সচিবালয় ঘেরাও করতে গেলে সেখানে পুলিশের বাঁধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশ ৫ জনকে আটক করে এবং পুলিশের লাঠিপেটায় ৭ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে আন্দোলনকারীরা সচিবালয় ঘেরাও করতে সচিবালয় অভিমুখে রওয়ানা দেয়। হাইকোর্ট মোড় পার হয়ে সচিবালয় লিংক রোডের সামনে গেলে সেখানে পুলিশ বাধা দেয় আন্দোলনকারীদের। কিন্তু আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে শিক্ষার্থীদের।
এসময় ছাত্র ফেডারেশানের সভাপতি গোলাম মোস্তফা, দুইজন অভিভাবক ও দুইজন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
ইত্তেফাক/এসজেড
