জনকণ্ঠের সাংবাদিকদের চাকরিচ্যুত করার প্রতিবাদ

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

দৈনিক জনকণ্ঠের ৪০ সাংবাদিকসহ ৭০ জন সংবাদকর্মীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। গতকাল সোমবার দুপুর থেকে নিউ ইস্কাটন রোডে অবস্থিত জনকণ্ঠ কার্যালয়টি কর্তৃপক্ষ প্রবেশ গেটে ভেতর থেকে তালা ঝুলিয়ে দেয়। এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাংবাদিকসংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ।

জনকণ্ঠ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্মসম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাবেক যুগ্মসম্পাদক আখতার হোসেন, সাবেক কার্য নির্বাহী সদস্য গোলাম মুজতবা ধ্রব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালীন নোমানী, যুগ্মসম্পাদক আরাফাত দাড়িয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা জনকণ্ঠ কর্তৃপক্ষের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের নোটিশ প্রত্যাহার করার দাবি জানান। কাউকে না জানিয়ে জনকণ্ঠ কর্তৃপক্ষ রবিবার গভীর রাতে রহস্যজনকভাবে এই ৭০ জন সংবাদকর্মীকে ছাঁটাইয়ের নোটিশ প্রদান করে। এই অবৈধ নোটিশ অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ ও জনকণ্ঠের সংবাদকর্মীরা কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করেন।

এদিকে, ক্রাবের সদস্য ও জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার গাফফার খান চৌধুরীসহ বেশ কজন সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)। ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ কার্যানির্বাহী কমিটির সদস্যদের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।