সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

চলতি একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হচ্ছে আগামী ১ এপ্রিল বেলা ১১টায়। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গতকাল সোমবার এই অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। চলতি সংসদের একাদশ অধিবেশন শেষ হয়েছিল গত ২ ফেব্রুয়ারি। সেই হিসেবে ৩ এপ্রিলের মধ্যে দ্বাদশ অধিবেশন ডাকার বাধ্যবাধকতা থাকায় ১ এপ্রিল রাষ্ট্রপতি অধিবেশন ডেকেছেন। 

করোনার মহামারির মধ্যেই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এর আগে নবম, দশম ও একাদশ অধিবেশন ডাকতে হয়েছে। তবে অধিবেশনগুলোর মেয়াদ ছিল সংক্ষিপ্ত। স্বাস্থ্যবিধি মেনে পালা করে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নিয়েছেন। প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ অধিবেশনের পরবর্তী অধিবেশন হবে বাজেট অধিবেশন।