স্পোর্টস রিপোর্টার
আয়ারল্যান্ড উলভসের বিরুদ্ধে দুই ফরম্যাটেই সিরিজ জিতেছে বাংলাদেশ ইমার্জিং দল।
হোম সিরিজে একমাত্র চারদিনের ম্যাচে আইরিশদের হারিয়েছিল সাইফ হাসানের দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও ৪-০ তে জিতে নেয় স্বাগতিকরা। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল করোনা আতঙ্কে। বাংলাদেশ সফরের শেষান্তে চলে এসেছে আইরিশরা। এবার ক্রিকেটের খুদে ফরম্যাটে মুখোমুখি হবে দুই দল।
আজ একমাত্র টি-২০ ম্যাচে ইমার্জিং দলের বিরুদ্ধে মাঠে নামবে আয়ারল্যান্ড উলভস। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
এই ম্যাচটি খেলেই আগামীকাল বাংলাদেশ ছাড়বে আইরিশ দলটি। করোনা নিয়ে দেশটির সরকারের নতুন নির্দেশনার কারণে দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইন এড়াতে দ্বিতীয় টি-২০ ম্যাচ না খেলেই কাল উড়াল দিবে হ্যারি টেক্টরের দল। এমনকি ফেরার ফ্লাইটের রুটও পরিবর্তন করতে হয়েছে তাদেরকে।
