প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

চট্টগ্রামে বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ১৫ মার্চ ২০২১, ২২:৫২

বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে শুনানি শেষে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার রুমীর আদালতে অভিযোগ গঠন করা হয়।

এ সময় আসামি মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলেও বিচারক তা বাতিল করে দেন। আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হলে আসামি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিখিল কুমার নাথ সাংবাদিকদের জানান, আগামী ২৪ মে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্র জানায়, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর বেসরকারি টেলিভিশনের ডিবিসি চ্যানেল ‘রাজকাহন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, ‘এ দেশ থেকে বঙ্গবন্ধু যেভাবে বিদায় নিয়েছেন, শেখ হাসিনাকেও সেভাবে বিদায় নিতে হবে।’