টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে রোজিনা আক্তার (২৫) নামে এক কলেজছাত্রী ‘আত্মহত্যা’ করেছে বলে জানা গেছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার ৬ নম্বর আনাইতারা ইউনিয়নের চামারি ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রোজিনা আক্তার ওই গ্রামের মো. রেজন আলী মিয়ার মেয়ে। সে এম আরফান আলী ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী ছিলো।
আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘রোজিনা দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলো। তার পরিবার তাকে সুস্থ করার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়ে এখন সর্বস্বান্ত। সোমবার সকাল নয়টার দিকে রোজিনা প্রতিদিনের মতো বাড়িতে বাথরুমের দরজা বন্ধ করে গোসল করতে যায়। গোসলের সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আশপাশের লোকজন বাথরুমে ধোঁয়া দেখে দেয়াল ভেঙে মুমূর্ষু অবস্থায় রোজিনাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
রোজিনার পরিবার ও স্থানীয় লোকজন বলেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যা করেছে। সামাজিক কবরস্থানে বিকেলে লাশ দাফন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।’
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়েজ আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিজাউল হক শেখ দিপুর নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
