আবারও ভোজ্যতেলের দাম বাড়াল সরকার

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:২৭

মাত্র এক মাসের ব্যবধানে আবারও ভোজ্য তেলের দাম বাড়াল সরকার। প্রতি লিটার খোলা সয়াবিন তেলে দুই টাকা এবং বোতলজাত তেলের দাম চার টাকা বাড়ানো হয়েছে। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির এক সভায় তেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়াতে হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ১ হাজার ২৭৫ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার। এছাড়া পরিবহন খরচ ৮০ থেকে ৮৫ শতাংশ এবং বোতলের কাঁচামাল রেজিনের দাম ৫০ থেকে ৬০ শতাংশ বেড়েছে। এসব কিছু বিবেচনায় নিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

পুননির্ধারিত দর অনুযায়ী এখন থেকে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১১৭ টাকা দরে বিক্রি হবে যা মিলগেটে বিক্রি হবে ১১৩ টাকা লিটার দরে। আর এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম মিলগেটে ১২৭ টাকা, ডিলার পর্যায়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে যা বিক্রি হবে ১৩৯ টাকায়।

এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল খুচরা পর্যায়ে ৬৬০ টাকা নির্ধারণ করা হয়েছে যা মিলগেটে ৬২০ টাকা ও ডিলার পর্যায়ে ৬৪০ টাকা বিক্রি হবে। সয়াবিন তেলের পাশাপাশি পাম তেলের দামও নির্ধারণ করা হয়েছে। প্রতি লিটার খোলা পাম তেলের দাম মিলগেটে ১০৪ টাকা ও ডিলার পর্যায়ে ১০৬ টাকা টাকা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে যা বিক্রি হবে ১০৯ টাকায়।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক দফা ভোজ্য তেলের দাম বাড়ায় সরকার। তখন খুচরা পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন ১১৫ টাকা, মিলগেটে ১০৭ টাকা, পরিবেশক পর্যায়ে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন মিলগেটে ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা এবং খুচরায় ১৩৫ টাকা আর পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন মিলগেটে ৫৯০ টাকা, পরিবেশক মূল্য ৬১০ টাকা আর খুচরায় ৬৩০ টাকা নির্ধারণ করা হয়। আর মিলগেটে পাম সুপার ৯৫ টাকা, পরিবেশক ৯৮ টাকা এবং খুচরা ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ব্যবসায়ীরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম ওঠানামা করছে যে কারণে দেশের আমদানিকারকরা লোকসানের ভয়ে একসঙ্গে বেশি পরিমাণে ভোজ্য তেল কিনছে না। দেশে চাহিদার ৯০ শতাংশ ভোজ্য তেল আমদানি করা হয় জানিয়ে তারা বলেন, দেশে যে ভোজ্য তেলের দাম বেড়েছে তা আন্তর্জাতিক বাজারের প্রভাব।

গতকাল রাজধানীর খুচরা বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৪০ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন কোম্পানিভেদে বিক্রি হচ্ছে ৬৬০ থেকে ৬৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি লিটার খোলা সয়াবিন ১২০ থেকে ১২৫ টাকা বিক্রি হয়।

এদিকে সরকার ভোজ্য তেলের দর নির্ধারণ করে দিলেও তা বাজারে তা মানা হয় না বলে ক্রেতাদের অভিযোগ।