ভাষাসৈনিক কমরেড আবদুল হাকিমের ইন্তেকাল

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:৩২

মানিকগঞ্জের ঘিওরে ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড আবদুল হাকিম মাস্টার (৮৭) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। গত রবিবার ঘিওর উপজেলা সদরের তার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা রেখে গেছেন। গতকাল সোমবার ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও জন্মস্থান দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের ধামশ্বর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ধামশ্বর ইউনিয়নের কলিয়া গ্রামের আব্বাস উদ্দিন ও আছিরুন বেগমের তিন ছেলের মধ্যে আবদুল হাকিম মেজো। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি মানবেতর জীবনযাপন করেছেন। কর্মজীবনে আবদুল হাকিম মাস্টার তেরশ্রী কেএন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ছিলেন। ’৫২-র ভাষা আন্দোলন, ’৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ এবং ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। ১৯৪৯ সালে আ. হাকিম মাস্টার তেরশ্রী কেএন ইনস্টিটিউশনের ছাত্র থাকাকালীন ভাষা আন্দোলনে যুক্ত হয়ে পড়েন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব প্রমুখ।