অস্ত্রের বড় বিক্রেতা যুক্তরাষ্ট্র ক্রয়ে শীর্ষে সৌদি আরব

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:৩৫

বিশ্বে যতো অস্ত্র বিক্রি হয়, তার এক তৃতীয়াংশ হয় যুক্তরাষ্ট্র থেকে। আর যুক্তরাষ্ট্র যে অস্ত্র বিক্রি করে তার অর্ধেক কেনে মধ্যপ্রাচ্য। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) এক রিপোর্টে দেখা গেছে,  যুক্তরাষ্ট্র ২০০১ থেকে ২০১৫ সালের মধ্যে যা অস্ত্র বিক্রি করতো, এখন তার তুলনায় ১৫ শতাংশ বেশি করে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মোট যতো অস্ত্র বিক্রি হয়েছে, তার ৩৭ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। মোট ৯৬টি দেশে অস্ত্র বিক্রি করেছে তারা। তাদের অস্ত্রের সব চেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্য। আমেরিকার অর্ধেক অস্ত্রই যায় সেখানে। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কেনে সৌদি আরব। বস্তুত তারাই বিশ্বের অস্ত্রের সব চেয়ে বড় ক্রেতা। অস্ত্র বিক্রির ক্ষেত্রে দুই নম্বরে রাশিয়া এবং তিন নম্বরে ফ্রান্স। এশিয়া ও ওশিয়ানিয়ার দেশগুলো বেশি অস্ত্র কেনে। ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে অস্ত্রের ৪২ শতাংশ কেনা হয়েছে এখান থেকে। কিনেছে ভারত, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া  ও পাকিস্তান। -ডয়চেভেলে