তামিমদের প্রস্তুতি ম্যাচ আজ

আপডেট : ১৬ মার্চ ২০২১, ০২:২৮

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুইন্সটাউনে বাংলাদেশ দলের ক্যাম্প শেষ হয়ে আসছে। কুইন্সটাউনের জন ডেভিস ওভালে আজ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবেন তামিম-মুশফিকরা। এক দিনের প্রস্তুতি ম্যাচে দুটি দলে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। দুই দলের নেতৃত্ব দেবেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

তামিম একাদশ-নাজমুল একাদশের ম্যাচ আজ নিউজিল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় ভোর ৪টায়) শুরু হবে। প্রস্তুতির সুবিধার্থে নিউজিল্যান্ডের পাঁচ জন স্থানীয় ক্রিকেটারও খেলবেন প্রস্তুতি ম্যাচে।

ম্যাচটি খেলার পর কুইন্সটাউন ছেড়ে ডানেডিনে চলে যাবেন টাইগাররা। সেখানেই আগাম ২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে তামিম বাহিনী।

তবে হাঁটুর চোটের কারণে প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। কুইন্সটাউনে অনুশীলনের প্রথম দিনেই ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়েন মোসাদ্দেক। গতকাল বিসিবির মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

এক বার্তায় বিসিবি জানায়, ‘মোসাদ্দেক হোসেন সৈকত কুইন্সটাউনে প্রথম দিন ফিল্ডিং অনুশীলনের সময় হাঁটুর চোটে পড়েছেন। এর ফলে প্রস্তুতি ম্যাচে তার খেলা হচ্ছে না।’ তাই মোসাদ্দেককে ছাড়াই প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করা হয়েছে।

কুইন্সটাউন থেকে গতকাল বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেছেন, কাল (আজ) ম্যাচ খেলছেন না মোসাদ্দেক। চোট কাটিয়ে এ তরুণ ওয়ানডে সিরিজে খেলবেন বলেই আশা বাংলাদেশ শিবিরের।

চোট পাওয়ার পর থেকে হোটেলেই বিশ্রামে আছেন মোসাদ্দেক। গত রোববার তার পায়ে একটি ইনজেকশনও দেওয়া হয়েছে। তবে চোটাক্রান্ত হাঁটুতে স্ক্যান করা হয়নি। চোট গুরুতর হলে অবশ্যই স্ক্যান করা হতো। যা কিছুটা স্বস্তির খবরই বটে। তাই আশা করা হচ্ছে, ডানেডিনে গিয়ে অনুশীলন করবেন মোসাদ্দেক।

তামিম একাদশ: তামিম ইকবাল, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন এবং নিউজিল্যান্ডের এক ব্যাটসম্যান ও এক বোলার।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন এবং নিউজিল্যান্ডের তিন জন ক্রিকেটার।

ইত্তেফাক/এমআর