দর্শক পূর্ণ স্টেডিয়ামে আর খেলা হচ্ছে না বিরাট কোহলিদের। করোনা পরবর্তী ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে মাঠে দর্শক নিয়ে খেলা শুরু করেছিলো স্বাগতিক ভারত। তবে দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো বিসিসিআই।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি ম্যাচগুলিতে দর্শকদের ছাড়াই খেলতে হবে বিরাট কোহলীদের। সোমবার গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি বিবৃতি জারি করে এই কথা জানায়। মঙ্গলবারের ম্যাচ ছাড়াও বৃহস্পতিবার ও শনিবার আরও দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও ইংল্যান্ড। সবকটি ম্যাচই হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ধনরাজ নাথওয়ানি বিবৃতিতে জানান, ‘করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিসিসিআইয়ের সঙ্গে আমরা কথা বলি। তখনই ঠিক হয় বাকি খেলাগুলো হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই।’
টিকিট যারা কেটে ফেলেছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানানো হয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে। টেস্ট ম্যাচ ও প্রথম দুটি টি-টোয়েন্টি জন্য পঞ্চাশ শতাংশ দর্শকের ঢোকার অনুমতি দিয়েছিল তারা।
ইত্তেফাক/এসআই
