খুলনায় মাদক মামলায় দুইজনের ১০ বছর কারাদণ্ড

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৭:৩৮

খুলনায় ফেনসিডিল পাচারের মামলায় মো. ফয়সাল ওরফে সাগর (২৭) ও জাহাঙ্গীর হোসেন (২৩) নামে দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাজী সাব্বির আহমেদ জানান, ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর নগরীর দৌলতপুর পাবলা সবুজ সংঘ মাঠের কাছ থেকে পুলিশ ৮০ বোতল ফেনসিডিলসহ ফয়সাল ওরফে সাগর ও জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়। দৌলতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শিহাব উদ্দিন তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ইত্তেফাক/এমএএম