জীবননগরে নিহতের ঘটনায়
বিক্ষোভ, ইউএনও আহত
ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
জীবননগর (চুয়াডাঙ্গা) : জীবননগরের কাটাপোল গ্রামে মঙ্গলবার দুপুরে ইটভাটার মাটি টানা ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মঈদুল ইসলাম (৩৫)। এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ গ্রামবাসীর হামলার শিকার হন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন ও ভূমি অফিসের সার্ভেয়ার ইকতিয়ার হোসেন। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ইউএনও গাড়ি থেকে নামার পর পরই উত্তেজিত লোকজন তার ওপর হামলা চালায়।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে মঙ্গলবার সকালে বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম (৬০)। সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, চালক রবিউলকে কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া থেকে আটক করা হয়েছে।
পাংশা (রাজবাড়ী) : পাংশায় মঙ্গলবার বিকালে ট্রাকচাপায় এক মোটরসাইকেলে আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল হোসেন মোল্লা (৭০)। পাংশা হাইওয়ে থানার এসআই মো. শিপন মিয়া এ তথ্য জানান।
মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাইয়ে মঙ্গলবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ হোসেন জানান, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আমাদের হেফাজতে আছে।
ওসমানীনগর (সিলেট) : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলায় সোমবার গভীর রাতে দুটি ট্রাক ও একটি বাসের ত্রিমুখী ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. আমির উদ্দিন বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে।
