মাস্ক না পরায় নবাবগঞ্জ ও দোহারে ২৩ জনকে অর্থদণ্ড

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৪৯

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গতকাল মঙ্গলবার জনসচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নবাবগঞ্জ ও দোহার উপজেলা প্রশাসন। সকালে নবাবগঞ্জের মহাকবি কায়কোবাদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু। এ সময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়। মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৫ জনকে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে দুপুরে দোহার উপজেলা সদর জয়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে আট জনকে অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।