সাভারে সরকারি ঘর দেওয়ার নামে প্রতারণা

আপডেট : ১৬ মার্চ ২০২১, ২১:৫০

৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক জন গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

সাভারে সরকারি ঘর ও গভীর নলকূপ দেওয়ার কথা বলে দুই শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ভুঁইফোঁড় সংগঠন বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদের (বিপিপিপি) মহাসচিব পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ সংক্রান্ত একটি প্রতিবেদন গত ৬ মার্চ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। প্রশাসনের একাধিক সংস্থা প্রতারণার বিষয়টি নিয়ে তদন্তে নামে এবং প্রতারণার সঙ্গে তার সংশ্লিষ্টতা পায়। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আল-আমিনকে প্রতারণার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে তার কয়েক জন সহযোগী এখনো পলাতক রয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ‘জমি আছে ঘর নাই’—এই প্রকল্পের নামে ঘর দেওয়ার কথা বলে সাভারের বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, নারীনেত্রী ও দলীয় নেত্রীদের নিয়ে একটি প্রতারক চক্র গড়ে তোলে বিট ফেয়ার ফ্যাশন নামক কারখানার এমডি আল-আমিন। তিনি নিজেকে স্বঘোষিত বঙ্গবন্ধু পক্ষাঘাত ও পেশাজীবী পরিষদের মহাসচিব দাবি করে ঘর দেওয়ার কথা বলে প্রতারক চক্রের অন্য সদস্যদের মাধ্যমে অসহায় মানুষের কাছ থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।