মাইলফলকের রাত রাঙালেন জোড়া গোলে
স্পোর্টস ডেস্ক
তর্কাতীতভাবেই বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়টির নাম লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে সবচেয়ে বেশি গোল, এসিস্টের রেকর্ড করার পর এবার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডেও ভাগ বসালেন এই আর্জেন্টাইন। বার্সার জার্সিতে বন্ধু জাভি হার্নান্দেজের সমান ম্যাচ (৭৬৭) খেলার দিনটিকে দুইটি দুর্দান্ত গোলেও রাঙিয়ে রাখলেন মেসি। তার জোড়া গোল ও একটি অ্যাসিস্টে ভর করে সোমবার ন্যু ক্যাম্পে হুয়েস্কাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রোনাল্ড কোম্যানের দল।
ন্যু ক্যাম্পে ম্যাচের ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মেসি। বার্সার ফরাসি তারকা আন্তোয়ান গ্রিজমান প্রথমার্ধে আরেকটি গোল করলেও বিরতির ঠিক আগে একটি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমায় হুয়েস্কা। দ্বিতীয়ার্ধে মেসির বানানো বলেই হেড দিয়ে ক্লাবের হয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি করেন ডিফেন্ডার অস্কার মিনগুয়েজা। ম্যাচের শেষ মিনিটে ডিবক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
মেসিতে গুণমুগ্ধ ম্যানেজার কোম্যান ম্যাচশেষে বলেন, ‘লিওর ব্যাপার আর কিছুই বলার নেই আমার। কত বছর, কত ম্যাচ ধরে সে এই পর্যায়ে খেলে যাচ্ছে! রবিবার সে জাভির রেকর্ড স্পর্শ করেছে, অচিরেই জাভিকে ছাড়িয়েও যাবে। বার্সার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সে। এবং সৌভাগ্যক্রমে সে এখনো আমাদের সঙ্গে আছে। আমার মতে, সে যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার সেটা সে প্রমাণ করে ফেলেছে আগেই।’
২০০৪ সালে বার্সার হয়ে অভিষেক হওয়া মেসি গত ১৭ মৌসুমে ক্লাবের হয়ে জিতেছেন ৩৪টি ট্রফি, করেছেন ৬৬১টি গোল। এই মৌসুমেও লিগে ইতিমধ্যে ২১ গোল করে ফেলা মেসি পিচিচির দৌড়ে বাকি সবার চেয়ে এগিয়ে আছেন অন্তত ৩ গোলে।
শুধু জাভির রেকর্ডই না, সোমবার একটি মৌলিক রেকর্ডেরও জন্ম দিয়েছেন এই আর্জেন্টাইন। হুয়েস্কার বিপক্ষে মৌসুমের ২০তম গোলটি করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একমাত্র ব্যক্তি হিসেবে টানা ১৩ মৌসুম ধরে ২০ বা ততোধিক গোল করার রেকর্ড করেছেন তিনি।
আর সোমবারের জয়ে আবার টেবিলের দুইয়ে উঠে গিয়েছে বার্সা। শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চার পয়েন্টের ব্যবধানে চলে এসেছে কাতালান দলটি।
বার্সেলোনার জার্সিতে সর্বাধিক ম্যাচ
লিওনেল মেসি (২০০৪- ) ৭৬৭
জাভি (১৯৯৮-২০১৫) ৭৬৭
আন্দ্রেস ইনিয়েস্তা (২০০২-২০১৮) ৬৭৪
সার্জিও বুস্কেটস (২০০৮- ) ৬১৭
কার্লোস পুয়োল (১৯৯-২০১৪) ৫৯৩
