স্পোর্টস রিপোর্টার
বিসিবি থেকে আগেই বলা হয়েছিল, ক্রিকেটাররা করোনার টিকা নেওয়ার পরই শুরু হবে ঘরোয়া ক্রিকেট। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) উপলক্ষ্যে গতকাল থেকেই করোনার টিকা নিতে শুরু করেছেন দেশের ক্রিকেটাররা। এনসিএলের আটটি দলের ক্রিকেটাররা স্ব-স্ব জেলা থেকেই টিকা নিচ্ছেন। গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানতে চাইলে তিনি বলেন, ‘আজ (গতকাল) থেকেই ক্রিকেটাররা টিকা নিচ্ছে। ইতিমধ্যে অনেকে নিয়েছে। নিজেদের সুবিধামতো জায়গায় থেকেই নিবন্ধন করে টিকা নিতে পারছে সবাই। নিবন্ধন করে কাগজ নিয়ে গেলেই টিকা পাচ্ছে, এজন্য অপেক্ষা করতে হচ্ছে না। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই এনসিএল শুরু হবে।’
আগামী ২২ মার্চ এনসিএল শুরু হবে। সাত বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোসহ আটটি দল দুই স্তরে ভাগ হয়ে এনসিএল খেলবে। আটটি দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা করোনার টিকা নিচ্ছেন।
