বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সুচারুরূপে সম্পন্ন করুন

আপডেট : ১৭ মার্চ ২০২১, ০০:০৬

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। গতকাল মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ওবায়দুল কাদের নগরবাসীর চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে ডিএমপির নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মহেন্দ্রক্ষণে নগরবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। আওয়ামী লীগের নেতাকর্মীদের দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, পাশাপাশি সহযোগী সংগঠনসমূহ সরকারি ও দলের মূল কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এখনো নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে বিএনপি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিল তা এখনো বজায় রেখেছে বিএনপি। গত ৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে নাকি আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, সামরিক শাসন থেকে জন্ম নেওয়া বিএনপি এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে।