পুলিশের এসআই হিসাবে যোগদান করা হলো না মিজানুর রহমানের। কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমানের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে আরো এক (এসআই) গুরুত্বর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌঙ্গারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, শিক্ষানবিশ এসআই কোর্স সম্পন্ন করে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় তার যোগদান করার কথা। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে নোয়াখালী জেলা পুলিশ লাইন্স থেকে তার আরেক সহকর্মী এসআই জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বেগমগঞ্জ থানার উদ্দেশ্যে রওনা দেন। বেগমগঞ্জ থানা এলাকার চৌঙ্গারপুল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর জন্য এ্যাম্বুলেন্সে নেওয়ার সময় মিজানুর রহমানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত জাহিদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/বিএএফ
