সাভার উপজেলার আশুলিয়ায় এক’শ টাকার জন্য এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে অপর এক যুবক। শুক্রবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. জহিরুল ইসলাম (৩০)। তিনি উপজেলার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকার বান্দু হাজির বাড়ির ভাড়াটিয়া মো. মালেক মিয়ার ছেলে। জহিরুল পরিবারের সাথে ওই বাসায় ভাড়া থেকে ইলেকট্রিশিয়ানের কাজ করতো।
নিহতের বাবা মালেক মিয়া বলেন, ‘শুক্রবার রাত ৮টার দিকে পলাশবাড়ি এলাকার বখাটে রেজাউল তার ছেলে জহিরুলের কাছে পাওনা একশ টাকা চাইতে আসে। এ সময় জহিরুল টাকা নেই, পরে দিবো বলে জানায়। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে রেজাউল ধারালো ছুরি দিয়ে জহিরুলের পেটে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা জহিরুলকে উদ্ধার করে দ্রুত হাবিব ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।’
আরো পড়ুন: স্বামীকে হত্যার পর ওয়ারড্রবে রেখে অফিস করলেন স্ত্রী
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্য নাছির উদ্দিন বলেন, ‘রাত ৯ টার দিকে জহিরুলকে হাসপাতালে আনা হয়। তার গার্ড এ ইনজুরি এবং আর্টারি কেটে যাওয়ায় তার অবস্থা সঙ্কটাপন্ন ছিলো। পরে অপারেশন থিয়েটারে নিয়ে সেলাই করে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩ টার দিকে জহিরুলের মৃত্যু হয়।’
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ‘বিষয়টি জানার পর হাসপাতাল এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/বিএএফ
