বঙ্গবন্ধুর জন্ম একটি জাতি ও রাষ্ট্রের জন্ম: ঢাবি ভিসি

আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৫:৫৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম একটি জাতির জন্ম, একটি রাষ্ট্রের জন্ম বলে অভিহিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। 

বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সকাল সাড়ে ১০টায় এ আলোচনাসভার আয়োজন করে।

আলোচনা সভায় উপাচার্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সৎ, সাহসী, জনদরদী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে তিনি আজীবন কাজ করে গেছেন। তাঁর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন জাতি-রাষ্ট্র লাভ করেছি।’

আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে তিনি বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনাসভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণ ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গমন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়াসহ অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। করোনা পজিটিভ হওয়ায় সশরীরে উপস্থিত হতে না পারলেও ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

ইত্তেফাক/এএএম