টেকনাফে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২১, ১৯:২১

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্টে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। 

বুধবার (১৭ মার্চ) ভোরে কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের একটি টহল এই অভিযান চালায়। এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।  

লে. কমান্ডার আমিরুল বলেন, কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার একটা বড়ো চালান মিয়ানমার থেকে সমুদ্র পথে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে ভোর রাতে নাফ নদীর মোহনায় অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ট্রলার আরোহীরা পানিতে ঝাপ দিয়ে মিয়ানমারের দিকে সাতার কেটে পালিয়ে যায়। 
পরে কোস্ট গার্ড ট্রলারটি জব্দ করে তল্লাশি চালিয়ে দুই বস্তা ইয়াবা পায়। গননা করে এতে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবা ও ট্রলার টেকনাফ থানায় সোপর্দ করা হয়। 


ইত্তেফাক/এনএ