ওয়েলস বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে নাটক

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২১:১৩

 

আনন্দ বিনোদন প্রতিবেদক

যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আনিসুর রহমানের লেখা এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব’ সৃজনশীল লেখালেখি এবং নাট্যকলার শিক্ষার্থীরা ২০২১ শিক্ষাবর্ষে নাটকটি পাঠ করবে এবং নাট্যপ্রযোজনার নিমিত্তে পাঠ পর্যালোচনা করবে। এর অংশ হিসেবে সজনশীল লেখালেখি এবং নাট্যকলা বিভাগে বক্তৃতা প্রদানের জন্যে আগামী সেপ্টেম্বরে আনিসুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ প্রসঙ্গে সৃজনশীল লেখালেখির শিক্ষক এবং নাটকটির ইংরেজি সংস্করণের সম্পাদক ডমিনিক উইলিয়ামস বলেন, ‘নাটকটির কাঠামো বা উপস্থাপনা হিসাবে সচেতনতা এবং বিবেকের স্রোতে পরিণত হয়। আনিসুর সময়ের ধারণাকে উপজীব্য করেন। প্রায় পুরো মনোলগটি বর্তমান কালে বিবৃত; এই বর্তমান কাল শেখ মুজিবের কারাগারের সময়, তার শৈশবকালের; যা পাঠকের দৃষ্টিভঙ্গির এতটাই সমসাময়িক যে একই সঙ্গে হয়ে ওঠে বর্তমানের এবং ভবিষ্যতের।’ গত ১২ মার্চ ‘আমি শেখ মুজিব’ নাটকের মাধ্যমে যুক্তরাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধরু জন্মশতবর্ষ উদযাপন কার্যক্রম শুরু হয়ে বর্তমানেও এটি চলমান। বঙ্গবন্ধুর দীর্ঘপথ পরিক্রমায় তার মনের কী অবস্থা, তা কিছুটা ঘটনা পরস্পরায়, কিছুটা কল্পনায়, গদ্যে পদ্যে মিলিয়ে লেখা এপিক মনোলগ ‘আমি শেখ মুজিব’। মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে স্বগতসংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে বলে জানিয়েছেন লেখক আনিসুর রহমান। তিনি জানান, ‘মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগতসংলাপটি শেষ হয়েছে। ইতোমধ্যে এপিক মনোলগটি কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে; নাট্যকলার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং মঞ্চায়িত হয়েছে। নির্দিষ্ট করে উল্লেখ করা যায়— জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কেনিয়ার কিসি বিশ্ববিদ্যালয়, সুইডেনের লুন্দ বিশ্ববিদ্যালয় এবং বিকস  একাডেমিসহ নানা প্রতিষ্ঠানের পাঠ্যসূচি আর সেমিনার কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে।’ ‘আমি শেখ মুজিব’ বইটির ইংরেজি সংস্করণ ইউরোপ এবং আমেরিকা থেকে প্রকাশিত হচ্ছে এ মাসেই। সুইডেনের নামকরা প্রকাশনা প্রতিষ্ঠান স্মক্কাডল থেকে এপিক মনোলগটির সুইডিশ সংস্করণ প্রকাশিত হয় গতবছর। এই সংস্করণে প্রচ্ছদে ব্যবহূত বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন চিত্রশিল্পী নিসার হোসেন।

সুইডিশ লেখক সংঘের পরিচালনা পরিষদের সদস্য, এপিক মনোলগটির লেখক ১৯৭৮ সালে টাঙ্গাইল জেলার মধুপুরের দিগরবাইদ গ্রামে জন্ম নেওয়া আনিসুর পড়ালেখা করেছেন ঢাকা ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য, ইতিহাস, চলচ্চিত্র, নাটক ও সুইডেনের দূরদর্শন সংস্কৃতি নিয়ে।