১৫ বছর পর কলম্বিয়ায় ‘ভুতুড়ে’ পাখি

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:৩৯

পাখিটির নাম পোটো। অনেকে একে ঘোস্ট বার্ড বা ভুতুড়ে পাখি বলেও ডাকেন। অদ্ভুতদর্শন এবং ভয়ঙ্কর ডাকের জন্যই এমন নাম। মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এই সমস্ত পাখির দেখা মেলে। আগে অবশ্য ইউরোপেও দেখা মিলতো এদের।  এই পাখিকে হঠাৎ করে দেখলে যে কেউ চমকে উঠবেন দিনের আলোতেও।

সম্প্রতি কলম্বিয়ার চিবোলো শহরে এই পাখির দেখা মিললো। ১৫ বছর পর গত ডিসেম্বরে এই পাখির দেখা মিলেছিলো। সম্প্রতি সেই পাখিটির ভিডিও ভাইরাল হয়েছে।

রাত হলেই কীট-পতঙ্গ শিকার করতে শুরু করে এরা। আর দিনের বেলায় কোনো গাছের ভাঙা ডালের একেবারে মাথায় বসে সময় কাটায়। শিকারিদের হাত থেকে নিজেদের রক্ষা করার এটাই একমাত্র উপায় পোটো পাখিদের।

পোটো পাখিদের গায়ের রং এবং দেহের আকার এমনই যে গাছের ভাঙা ডালের সঙ্গে খুব সহজেই মিশে যেতে পারে তারা। দীর্ঘক্ষণ কোনো রকম নড়াচড়া না করেই থাকতে পারে এরা। ফলে দূর থেকে দেখে তাদের গাছের ডালই মনে হয়। পোটো পাখিদের আরো একটি বিশেষত্ব হলো এরা বাসা বাঁধতে পারে না। গাছের ডালের কোনো কোঠরেই ডিম পাড়ে।

কলম্বিয়ার চিবোলো শহরে আচমকাই এক মহিলার নজরে পড়ে ওই পাখিটি। দিনের বেলায় একটি গাছের ডালের উপর চুপ করে বসেছিলো। প্রথমে ওই মহিলাও কাঠ ভেবেই ভুল করেছিলেন। কাছে যেতেই পাখিটি চোখ খুলে ডাকতে শুরু করে। কিছুক্ষণের জন্য ঘাবড়ে যান তিনি। তারপরই ওই পোটো পাখির ভিডিও করে নেটমাধ্যমের পাতায় পোস্ট করে দেন যা ভাইরালও হয়।

ইত্তেফাক/এএইচপি