পারপেচুয়াল বন্ড সমাপ্ত করল সিটি ব্যাংক

আপডেট : ১৭ মার্চ ২০২১, ২৩:২৯

ইত্তেফাক রিপোর্ট

ব্যাসেল থ্রি গাইডলাইন অনুযায়ী দেশের প্রথম প্রতিষ্ঠান হিসেবে ‘কনটিনজেন্ট-কনভারটিবেল পারপেচুয়াল’ বন্ড চালু করেছে সিটি ব্যাংক। অতিরিক্ত টায়ার-১ ক্যাপিটালের আওতায় এই বন্ডের মাধ্যমে ৪০০ কোটি টাকা বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে উত্তোলন করে। এ উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান একটি ভিডিও বার্তা প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ। স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন।