আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, অর্ধশতাধিক কক্ষ ছাই

আপডেট : ১৮ মার্চ ২০২১, ০০:২৯

সাভারের আশুলিয়ায় দুটি শ্রমিক কলোনিতে আগুনে পুড়ে গেছে অন্তত ৬০টি কক্ষ। গতকাল বুধবার সকালে আশুলিয়ার জামগড়ায় আব্বাসীয়া মার্কেটের পিছনে অবস্থিত শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে শ্রমিক কলোনির ঘরগুলো এবং ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হঠাত্ করে মনির হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনির  ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে আগুন দ্রুত আশপাশের কক্ষসহ আলম হোসেনের শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। কিন্তু শ্রমিক কলোনির ঘরগুলোতে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এছাড়া আশপাশে পর্যাপ্ত পানির উত্স না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। পরে চারটি ইউনিটের প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা দুটি শ্রমিক কলোনির ৫০-৬০টি ঘর ও ভেতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা রান্না করার গ্যাস থেকে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।