ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী ১১ এপ্রিল ভাঙ্গা পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবু রেজা মো. ফয়েজকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় উন্নয়ন দিয়ে ভাঙ্গা পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব। জনগণের মনের ভাষা বুঝেই আওয়ামী লীগের সভানেত্রী ও নমিনেশন বোর্ডের সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তার হাতকে শক্তিশালী করতেই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করব। ইতিপূর্বে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর নমিনেশন বাণিজ্য করার কারণে ভাঙ্গায় যে কোনো নির্বাচনে নৌকার ভরাডুবি হয়েছিল।
বুধবার সন্ধ্যায় এমপি নিক্সন চৌধুরীর নিজ বাসভবন ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের চরচান্দ্রা গ্রামে নিক্সন চৌধুরীকে ফুলের নৌকা তুলে দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন পৌরসভার মেয়র পদের নৌকা প্রার্থী।
এ সময় মেয়র আবু রেজা মো. ফয়েজ বলেন, উন্নয়ন ও মূল্যায়নের রূপকার বঙ্গবন্ধুর দৌহিত্র এমপি নিক্সন চৌধুরী গত সাত বছরে যে উন্নয়ন তিন থানায় করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফি কাজী, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন প্রমুখ।
